রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার (২ অক্টোবর ) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালে কোনও সাক্ষী হাজির হয়নি। এ অবস্থায় ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল পরবর্তী সাক্ষ্যগ্রহণে জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রুহুল আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
এ পর্যন্ত ১০৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ মামলার মোট ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।








