ঢাকা লিট ফেস্টের নবম আসরের প্রথম দিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘ঢাকা, আই লাভ ইউ’ শিরোনাম সেশনে ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পুরাকীর্তি স্থিরচিত্রে উপস্থাপন করেন স্থপতি ও নকশাকার ফাওয়াজ রব।
পাওয়ারপয়ন্টের এই উপস্থাপনায় ফাওয়াজ বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময়ে বাণিজ্যিক উদ্দেশে আগত বিদেশিরা তাদের নিজস্ব স্থাপত্য রীতি মেনে ভবন নির্মাণ করেছেন।’ এসময় তিনি পুরান ঢাকার আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, আর্মেনিয়ান চার্চ, ঢাকেশ্বরী মন্দির, কার্জন হল, খান মো. মৃধা মসজিদ, ধানমন্ডির সাত মসজিদ, মোহাম্মাদপুরের সাত গম্ভুজ মসজিদ, পুরান ঢাকার চিনেটোকা মসজিদ, বড় কাটরাসহ ঔপনিবেশিকদের হাতে নির্মিত ভবন এবং এসব স্থাপনায় নির্মাণশিল্পীদের হাতে আঁকা অনিন্দ্যসুন্দর ক্যালিগ্রাফিসমূহ উপস্থাপন করে ভবন তৈরির শৈল্পিক ব্যাকরণ বর্ণনা করেন।
ফাওয়াজ আরও বলেন, ঢাকায় পাখির চোখে প্রত্নতত্ত্বসমূহের স্থিরচিত্র ধারণকালে তিনি অনুভব করেন, নান্দনিক নকশাগুলি যেন তার সঙ্গে কথা বলছে। অতঃপর তার উপলব্ধি, পরিচিতিতে নয়, মানুষের বসবাস স্থাপত্যে, নকশায়।








