ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে বাংলা একাডেমির লনে আলোচনার বিষয় ছিলো অনুবাদ। ‘অনুবাদ সাহিত্যে নৈতিকতা ধরে রাখতে হবে’- মন্তব্য করেন আলোচকরা। অপরাহ্নের এ সেশনে ‘ভাষার বন্ধন ভেঙে ভাষ্যের সন্ধান' শীর্ষক এ আলোচনায় অংশ নেন জনপ্রিয় অনুবাদক অরুণাভ সিনহা, অনুবাদক আনজুম কাটায়াল, অনুবাদক ও সম্পাদক খাদেমুল ইসলাম, অনুবাদক রফিক-উম-মুনির চৌধুরী এবং লেখক ও অনুবাদক মাশরুর আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুবাদক আলম খোরশেদ।
অনুবাদ নিয়ে আলোচনায় অরুণাভ সিনহা বলেন, ‘মূল লেখা ও সংস্করণ বলে কিছু নেই। প্রথমে যিনি লিখেছেন তার লেখা নানা সময়ে বিভিন্ন ভাষায় ফুটে ওঠে। কিন্তু লেখাটির প্রতি যদি আনুগত্য থাকে, আনুগত্য বলতে শব্দ, বাক্য পড়ে আমার একই রকম লাগছে এমন মনে হয়, তাহলেই ব্যাপারটা দাঁড়িয়েছে। আনুগত্য ছাড়া অনুবাদ হয় না।’
অনুবাদক আনজুম কাটায়াল বলেন, ‘যারা অনুবাদ নিয়ে কাজ করছেন এবং যারা অনুবাদকদের নিয়ে কাজ করছেন, তাদের অনুবাদের নৈতিকতা ও অনুবাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন থেকে যায়। অনুবাদের নৈতিকতা ও দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ অনুবাদক পাঠক ও মূল লেখার মধ্যে অবস্থান করেন।’
অনুবাদক ও সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, ‘অনুবাদের আক্ষরিক রূপ জানতে হবে। আমাদের বাংলায় অনেক শব্দ আছে যেগুলো অনুবাদ করা আসলেই কঠিন।’
অনুবাদক রফিক-উম-মুনির চৌধুরী বলেন, ‘যেহেতু আমরা বাংলা সাহিত্যকে নিয়ে বিশ্বসাহিত্যে হাজির হতে চাইছি, সেহেতু অনুবাদ ছাড়া আমাদের কোনও উপায় নেই।’
লেখক ও অনুবাদক মাশরুর আরেফিন বলেন, ‘আমরা সবাই অনুবাদকদের কাছে ঋণী। যেহেতু তারা ভাষা থেকে ভাষায় অনুবাদ করেন। একজন লেখককে পরিচয় করানোর নামে আমরা তাকে ভুলভাবে উপস্থাপন করবো না।’








