ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে (২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ২২জন। একইসময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৮জন ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানায়।
আইইডিসিআর জানায়, ১৬৬টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার জন্য এসেছে, এরমধ্যে এখন পর্যন্ত ২৩৪টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেথ রিভিউ কমিটি।
কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া ২২ জনের ভেতরে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাষিত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯জন। আবার ছাড়পত্র পাওয়া ১৮জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাষিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪জন আর ঢাকা মহানগরীরর বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৪ জন।
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদফতরে তথ্য দেওয়া সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১০২ জন, এর মধ্যে রাজধানী ঢাকাতে আছেন ৭৭ জন আর ঢাকার বাইরে আছেন ২৫ জন। সারাদেশে এখন পর্যন্ত শতকরা ৯৯ দশমিক ৬ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১২ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৩১৯ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৫১ জন।








