গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশা আর বায়ুদূষণে নাকাল ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১১:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১২:৩৯






বুধবার দুপুরে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কুয়াশা আর বায়ুদূষণে ঢাকার আকাশে আজ সূর্য ওঠেনি। অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। বায়ুদূষণের সূচকে আজ ঢাকা প্রথম হওয়ার পাশাপাশি দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।


এদিকে বুধবার (২৯ জানুয়ারি) ভোরে তাপমাত্রা খুব বেশি না কমলেও বেলা গড়াতেই উত্তর থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ফের তীব্র শীতের কবলে পড়েছে রাজধানীবাসী। আগামীকাল বৃহস্পতিবারও (৩০ জানুয়ারি) একই আবহাওয়া থাকবে। তবে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
সাগরের গরম বাতাস, জলীয় বাষ্প আর উত্তরের শুষ্ক বাতাসের কারণে হচ্ছে এই বৃষ্টি। আজ দেশের কোনও কোনও এলাকায় গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও হালকা এবং কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচকে (একিউআই) বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা বায়ুদূষণে প্রথম স্থান দখল করেছে। আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং তৃতীয় অবস্থানে আছে দিল্লি।
এয়ার ভিজ্যুয়ালের সূচক অনুযায়ী, আজ ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৬, কাঠমান্ডুতে ২১৩, আর দিল্লির অবস্থান ১৭৪।
বায়ুদূষণ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০১ থেকে ১৫০ সূচক হলে সাবধানতা অবলম্বন করতে হবে। ১৫০-২০০ সূচক হলে সেটি অস্বাস্থ্যকর। আর সূচক যদি ২০০ থেকে ৩০০ হয় তাহলে সেটি খুবই অস্বাস্থ্যকর, ৩০০ ওপরে হলে সেটিকে আমরা দুর্যোগপূর্ণ বলি। ঢাকায় আজ যে সূচক তাকে আমরা দুর্যোগপূর্ণ বলবো।’
তিনি বলেন, ‘আকাশে কুয়াশা কিছুটা থাকলেও এখন আকাশের যে পরিস্থিতি, তার জন্য দায়ী প্রধানত বায়ুদূষণ।’
কামরুজ্জামান মজুমদার বলেন, ‘শুধু ইটের ভাটা সরানো আর রাস্তায় পানি দিলেই হবে না। আপাতত রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখা দরকার। পাশাশাশি পুরনো যানবাহনও বন্ধ করতে হবে।’ এর সঙ্গে রাস্তায় পানি দেওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে বলে তিনি মনে করেন।

ঢাকায় রাস্তায় ধুলা দূষণের প্রতিদিনের চিত্র

বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে দূষণ বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা, অর্থাৎ পিএম ২.৫। এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে গিয়ে পরিস্থিতি নাজুক হয়ে উঠছে।
অন্যদিকে, এখন পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গেছে ঢাকা, ফরিদপুর, যশোর ও চুয়াডাঙ্গা থেকে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তেঁতুলিয়ায় এ মাত্রা ছিল ৬ দশমিক ৩। অর্থাৎ সেখানকার তাপমাত্রা আজ বেড়েছে তিন ডিগ্রি। কিন্তু বৃষ্টি আর কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি বেশি হচ্ছে।
বুধবার আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এবং রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বেড়ে পরিস্থিতি ভালো হতে পারে।’ তিনি বলেন, ‘আজকে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও হবে।’ বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হওয়ার পর তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে আপাতত কোথাও শৈত্যপ্রবাহ বইছে না বলে জানান তিনি।

/এসএনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম