খিলগাঁও বাসাবোর মান্ডা খাল থেকে চার বছরের শিশু আসাদুলের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কদমতলীতে তলিয়ে যাওয়া তোহামনি এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানান।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এর কিছুক্ষণ পরই খালে পড়ে আবর্জনার ভেতরে সে হারিয়ে যায়। এসময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিন জন ডুবুরি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ জানান, রাতে স্থগিত করার পর সকালে আবারও অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আসাদুলকে।
তবে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে কদমতলী এলাকার মিরাজনগরে তোহামনি নামে পাঁচ বছরের একটি শিশু খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের তিন জন ডুবুরি গভীর রাত পর্যন্ত তল্লাশি করে ওই শিশুকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি। সে এখনও নিখোঁজ রয়েছে।
ফারুক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, মেয়ে শিশুটি বল আনতে খালের কাছে গেলে পড়ে যায়। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। এ কারণে শিশুটি তলিয়ে যাওয়ার পর সন্ধান পাওয়া যাচ্ছে না। তোহামনির বাবার নাম এরশাদ। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই শিশুটির বাবার একটি কনফেকশনারি রয়েছে।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই। তারা চেষ্টা করছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন।’







