বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও বাধা পেয়ে ফিরে যেতে হয়েছে বীর প্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমকে। ১৩ ডিসেম্বর আমন্ত্রণপত্র পাঠিয়ে এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হলেও আজ বঙ্গভবনের প্রধান গেট থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়।
জানা যায়, বুধবার দুপুর পৌঁনে ৩টার দিকে বঙ্গভবনের গেটে আসেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম। কিন্তু সেসময় তাকে বঙ্গভবনের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়। এরপর ফিরে এসে তিনি ফেসবুকে লিখেন, ‘একজন বীর প্রতীকের জন্য বিজয় দিবসের উপহার। বিজয় দিবসে একজন বীর প্রতীককে অপমান করা কি জরুরি?’
এ বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমার পরিচয়ের তিনটি বৈশিষ্ট রয়েছে। একটি হচ্ছে আমি মুক্তিযোদ্ধা বীরপ্রতীক খেতাব প্রাপ্ত, দ্বিতীয়টি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং শেষেরটি হচ্ছে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান। এখন রাষ্ট্রপতি ভবনের লোকেরা কোনটিকে আক্রমণ করতে গিয়ে কোনটি অপমান করেছে,সেটি বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমি ১৯৮০ সাল থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও দুই ঈদে বঙ্গভবনের দাওয়াতের আমন্ত্রণ পাই। এবারও দাওয়াত পেলে বঙ্গভবনের প্রধান ফটকে গেলে আমাকে উত্তর গেট দিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে কর্তব্যরত একজন ক্যাপ্টেন বলেন, আমার গাড়ির স্টিকার মেইন
গেটের। এরপর মেইন গেটে আসলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) তাদের কিছু ব্যক্তির তালিকা দিয়েছে, যারা বঙ্গভবনে যেতে পারবেন না। এতে আপনার নাম এক নম্বরে।’
বিষয়টি নিয়ে সৈয়দ ইব্রাহীম ফেসবুকে লিখেন, ‘দাওয়াত না দিলে মনে মনে বলতাম যে, রাজনীতিবিদ ইব্রাহিমকে গোয়েন্দা সংস্থাগুলি ছাড়পত্র দেয়নি। কিন্তু দাওয়াত দিয়ে গেইট থেকে ফেরত দেওয়াটা.......?? মুক্তিযুদ্ধের "বীরপ্রতীক" বিজয় দিবসের অনুষ্ঠানে যাবেন না?’
/সিএ/এসটিএস/এসএম/








