একজন ব্যবসায়ীর স্ত্রী ও সন্তানকে ঢাকা থেকে তুলে নেওয়ার অভিযোগে বদলি করা হয়েছিল নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বহুল আলোচিত মোহাম্মদ হারুন অর রশীদকে। প্রথমে পুলিশ সদর দফতর ও পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে পদায়ন করা হয় তাকে। মঙ্গলবার (৯ জুন) ডিএমপিতে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। এবার তাকে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ডিএমপিতে আরও চার জন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা অফিস আদেশে এ বদলি করা হয়। বদলির আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপ-পুলিশ কমিশনার- লালবাগ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে উপ-পুলিশ কমিশনার- তেজগাঁও, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার লজিস্টিকস, লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম এবং পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ওই ঘটনার পর এসপি হারুন অর রশীদকে গত ১৪ মে পুলিশ সদর দফতর থেকে ডিএমপিতে বদলি করা হয়। ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তা প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের দায়িত্বে ছিলেন। মাত্র ২৫ দিনের মাথায় মঙ্গলবার (৯ জুন) তাকে আবারও বদলি করা হলো। তিনি ডিএমপির গুরুত্বপূর্ণ এলাকা তেজগাঁও বিভাগের উপ-কমিশনার পদে পদায়ন পেলেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলার ঘটনায় প্রথম আলোচনায় এসেছিলেন ডিএমপির লালবাগ বিভাগের তৎকালীন সহকারী কমিশনার (এসি) হারুন অর রশীদ।
ডিএমপিতে দায়িত্ব পালন ছাড়াও রাজধানীর পাশের জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ।








