সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৮৫০ গ্রাম সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (১৮ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রী মোহাম্মদ জসিমের কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন। এক ধরনের ক্রিমের কৌটার মধ্যে সোনার বারগুলো লুকানো ছিল।
ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, কাস্টম হাউসের বি শিফট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে আনুমানিক বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে জেদ্দা থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৩৮০৮) ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করেন কাস্টম কর্মকর্তারা। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা চারটি কসমেটিকসের কৌটার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ১৬টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন এক কেজি ৮৫০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সোলাইমান বলেন, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।








