কানডা, ফিজি, সৌদি আরবে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মানবপাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বনানী এলাকায় এ অভিযান চালায় র্যাব-৩।
এ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, ‘বনানীর ফাতেমা ওভারসিজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে সৌদি আরবে গিয়ে একজন নির্যাতনের শিকার হয়েছেন। ওই ভুক্তভোগীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়েছে।’
পলাশ কুমার বসু জানান, বেআইনিভাবে রিক্রুটিং লাইসেন্স ছাড়া ‘ড্রিম ভিসা কনসালটেন্সি’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও চটকদার বিজ্ঞাপন দিয়ে ফিজি ও কানাডাতে বেশি বেতনে হোটেল, রেস্টুরেন্ট, দোকান, শপিং মল, শিল্পপ্রতিষ্ঠান, সুপারশপ ইত্যাদিতে চাকরি দেওয়ার কথা বলে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে প্রচুর পরিমাণ টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’








