‘আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদন স্ববিরোধী, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক মদদপুষ্ট’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। শনিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আল জাজিরা টেলিভিশন এর ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদন প্রত্যাক্ষাণ করে নিন্দা প্রকাশ এবং আইনি ব্যবস্থা নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।
প্রতিবেদনটি স্ববিরোধী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিবেদনের মূল সূত্র হিসেবে যাকে উদ্ধৃত করা হয়েছে আল জাজিরা কর্তৃপক্ষ তাকে অপ্রকৃতস্থ আখ্যা দিয়েছেন। অন্যদিকে গণমাধ্যম ও সাংবাদিকতা রীতির অনুসরণে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট পক্ষের কোনও বক্তব্য প্রতিবেদনে দেওয়া হয়নি। দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল খ্যাত গণতান্ত্রিক বাংলাদেশ যখন বিশ্ব দরবারে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রশংসা কুড়িয়ে চলেছে, তখন হঠাৎ এই জাতীয় বিভ্রান্তিকর প্রতিবেদন বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার সামিল।’









