ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম।
বুধবার (১০ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়াতে তিনি একথা বলেন।
আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম বলেন, ‘আসামিদের মধ্যে যারা পলাতক আছেন এবং উপস্থিত আছেন তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কিন্ত এই মামলায় একজনও প্রত্যক্ষদর্শী নেই। নেই কোনও সাক্ষী। ঘটনাস্থলেও কেউ ছিল না। শুধু ১৬৪ ধারার ওপর ভিত্তি করে এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট না। উচ্চ আদালতে গিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবো।’
তিনি বলেন, আদালত অবজার্ভেশনে বলেছেন, তারা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করে রায় দেওয়া হচ্ছে। কিন্ত আসল কথা হল আসামিদের দীর্ঘদিন আটক রেখে তাদের শেখানো মতে জবানবন্দি নেওয়া হয়েছে।
আসামিপক্ষে আরেক আইনজীবী অ্যাডভোকেট এম নজরুল ইসলাম বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। উচ্চ আদালতে আপিল করবো। উচ্চ আদালতে আপিল করা আসামির অধিকার আছে। আদালত রায় দিতেই পারেন। তবে যেহেতু উচ্চ আদালতে যাওয়ার অধিকার আছে আসামিরা উচ্চ আদালতে যাবে। সমাজে এসব হত্যাকাণ্ড ও অসঙ্গতির বিচার হোক এটা আমরাও চাই। তবে আমরা ন্যায় বিচার চাই। এখানে আসামিরা দাবি করছেন তারা ন্যায়বিচার পায়নি।’
আরও পড়ুন:









