ঝড়-বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঝড়ের কবলে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, এমিরেটসের ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। আকাশেই প্রদক্ষিণ করতে থাকে উড়োজাহাজগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল-হাসান জানান, ঝড়ের কারণে ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিকাল সাড়ে ৫টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান বিমানবন্দরের পরিচালক।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, খুলনা ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।









