করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাকায় বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু’তে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধর মিশরার কাছে এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সম্প্রতি করোনা মহামারির দ্বিতীয় ঢেউ বিশ্বের বিভিন্ন দেশে বিপদজনকভাবে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালেও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এজন্য নেপাল সেনাবাহিনীর অনুরোধে তাদের জন্য জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদানের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জরুরি ওষুধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি।
উল্লেখ্য, বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে নেপালে পাঠানো হয়েছিল।









