সমুদ্র ও উপকূলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌ-সদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সব কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছেন নৌবাহিনীর সদস্যরা। ইতোমধ্যে চট্টগ্রাম নৌ-অঞ্চল থেকে ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।
অন্যদিকে খুলনা নৌ-অঞ্চল থেকে দুটি কন্টিনজেন্ট মোংলা, বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা ও তালতলী উপজেলায় কাজ করছে। গত ১ জুলাই থেকে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।









