সংবিধানকে ধারণ করে শিক্ষার্থীদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদ ও আইন বিভাগের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই আহ্বান জানান।
‘গণপরিষদ বিতর্কে রাষ্ট্র ভাবনা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে আইন অনুষদ ও আইন বিভাগ।
বাংলাদেশের সংবিধান প্রণয়নের পটভূমি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে এই সংবিধান প্রণয়ন করেছিলেন। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, দেশে গণতন্ত্রের অনুপস্থিতি এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন সংগ্রাম এই সংবিধান তৈরির প্রেক্ষাপট রচনা করেছিল। পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বিরাজমান নানা অসংগতি দূর করে বঙ্গবন্ধু ৪টি মূলনীতির ভিত্তিতে স্বাধীন বাংলাদেশের এই সংবিধান প্রণয়ন করেছিলেন। এই সংবিধানকে ধারণ করে শিক্ষার্থীদের এসডিজি অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, অ্যারোমা দত্ত এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।








