ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে ইলমার মা বলেন, ‘ইলমার অনেক স্বপ্ন ছিল। পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দিয়ে অনেক বড় ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতো সে।’
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইলমার স্বামী ও তার শ্বশুর বাড়ির সদস্যদের গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি করেন ইলমার বাবা-মা, শিক্ষক ও শিক্ষার্থীরা। অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ইলমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে কানাডা প্রবাসী স্বামী ইফতেখারকে নিয়ে বনানীর একটি বাসায় থাকতেন। পাঁচ দিন আগে তার স্বামী কানাডা থেকে ঢাকার বাসায় আসেন। মঙ্গলবার ইলমা আত্মহত্যা করেছেন বলে জানান তার শ্বশুরবাড়ির লোকজন। তবে ইলমার পরিবার ও সহপাঠীদের অভিযোগ, ইলমাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
মানববন্ধনে ইলমার মা বলেন, আমার অনেক স্বপ্ন ছিল ওকে (ইলমা) নিয়ে, কিন্তু সেটা ভেঙে গেল। আমি মাঝে মাঝে তাকে বিয়ের কথা বলতাম, সে বিয়ে করতে চাইতো না। তার অনেক স্বপ্ন ছিল, সে পড়াশোনা করবে, বিসিএস পরীক্ষা দিয়ে অনেক বড় ক্যাডার হবে। কিন্তু আমার মেয়েকে ইফতেখার (ইলমার স্বামী) নানা রকম মিষ্টি-মিষ্টি মিথ্যা কথা বলে তাকে বিয়ে করে। তার এই খুনের পেছনে তার পরিবারের সবাই জড়িত। কিন্তু কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না। আমি প্রশাসনকে অনুরোধ করছি তার পরিবারের সকলকে ধরেন, তাহলে সব তথ্য পাবেন।
মানববন্ধনে ইলমার বাবা বলেন, আমার আদরের মেয়ে, যাকে আমি অনেক আশা নিয়ে উচ্চশিক্ষিত করেছি। আজকে আমার সেই মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা মিলে তিনদিন ধরে অত্যাচার করে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই অসহায় বাবার কথাটা শুনেন। আপনি এর বিচার করেন। এ হত্যাকাণ্ডের বিচার না হলে দেশের কোনও মানুষ নিরাপদ থাকবে না।
এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। কেঁদে কেঁদে বলেন, ‘আর যেন ইলমার মতো কাউকে জীবন দিতে না হয়।’
এই সময় বক্তব্য রাখেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী অর্থী, ইলমার সহপাঠী হাবিবুর রহমান, তিথি আক্তারসহ আরও অনেকে।
আরও পড়ুন:
মৃত ঢাবি শিক্ষার্থী ইলমার শরীরে জখমের দাগ
ঢাবি ছাত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক









