বরেণ্য সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও শহীদ জায়া বেগম মুশতারী শফীকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকালে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানানো হয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায় তরা। ৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ থাকার পর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।
তার লেখা গ্রন্থগুলো হলো ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্প, স্মৃতিচারণমূলক সাহিত্যে অবদান রেখেছেন। বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।









