ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর স্বাক্ষর জাল-জালিয়াতি করে আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আলাউদ্দিন বলেন, ‘১৩ নম্বর ফরহাদ নগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি গত ৯ ডিসেম্বর ফাজিলপুর ও ফরহাদ নগর নির্বাচনি রির্টানিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করি। আমার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ বলে বিবেচিত হয়। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে রির্টানিং অফিসারের চাহিদা মোতাবেক সব কাগজপত্র দাখিল করি। মনোনয়নপত্র রির্টানিং অফিসারও বৈধ ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘পরে এলাকার চিহ্নিত সন্ত্রাস প্রকৃতির কিছু লোক আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দেয়। কিন্তু গত ১৯ ডিসেম্বর রাত ১০টার দিকে বিভিন্ন মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পারি কে বা কারা আমার স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রকৃত পক্ষে আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করিনি এবং আমি নিজে রির্টানিং কর্মকতার অফিসে যাইনি। অথবা আমার সমর্থনকারী প্রস্তাবকারীও এ বিষয়ে কোনও প্রকার আবদেন করেনি। রির্টানিং অফিসার আমাকে প্রত্যাহার দেখিয়ে একক প্রার্থী ঘোষণা করেন; যা নির্বাচনি আইনবিধির লঙ্ঘন।’
তিনি প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিকারের জন্য অনুরোধ জানাচ্ছি।’









