ঢাকার পূর্বাচলে দুই একর জমির ওপরে বিশ্বমানের দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী সদস্য ড. আব্দুর রাজ্জাক।
বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের জন্য পরামর্শকের উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষিপণ্যের রফতানি বাড়াতে বদ্ধপরিকর। কৃষিপণ্যের প্রক্রিয়াজতকরণ ও রফতানি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে কৃষি মন্ত্রণালয়কে দুই একর জমি বরাদ্দ দিয়েছেন। সেখানে বিশ্বমানের দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এটি স্থাপিত হলে দেশের কৃষি উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে ও কৃষিপণ্যের রফতানি বহুগুণে বাড়বে।’
পূর্বাচলে প্যাকিং হাউজ এবং ল্যাব স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কাজ করছে। এফএও কর্তৃক নিযুক্ত অভিজ্ঞসম্পন্ন পরামর্শক বি. গ্লোদ ফ্রান্স থেকে এ বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হন। উপস্থাপনায় তিনি আন্তর্জাতিকমানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, জনবল, প্রশিক্ষণ, সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে তার প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, ড. আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, হাসানুজ্জামান কল্লোল, রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা সংস্থাপ্রধান ও এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন।








