আদালতের নির্দেশনা সত্ত্বেও কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকা থেকে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ না করায় আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, প্রতিষ্ঠানটির উপ-পরিচালক ও টাউন প্ল্যানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমানকে এ নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, কক্সবাজার সৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য অক্ষুণ্ন রাখতে সেখান থেকে সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করতে জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ সালে রায় দেন। রায়ে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ এখনও বাস্তবায়ন করা হয়নি। কয়েকদিন আগেও মানবাধিকার সংগঠন এইচআরপিবি-এর প্রতিনিধি সমুদ্র সৈকত এলাকায় পর্যবেক্ষণে গেলে অনেক অবৈধ দখল ও স্থাপনা দেখতে পান। যদিও এর আগে রায় হওয়ার পরে আদালতের নির্দেশে সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
নোটিশে আরও বলা হয়, তবে বর্তমানে এই দখল ও স্থাপনা ভাড়া দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যা আদালত অবমাননার সামিল।
তাই এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।









