প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিবিশেষ ও অন্যান্য মাধ্যমে প্রস্তাবিত নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসেছে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে আছেন কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। এদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সবশেষ ১০ জনের নাম রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠাবে সার্চ কমিটি, যার মধ্যে ৫ জনকে চূড়ান্ত নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এছাড়াও অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদের পক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।









