দেশে করোনার টিকা উৎপাদন করে গরিব দেশকে বিনামূল্যে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, দেশে টিকা উৎপাদন হবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি এবং গরিব দেশকে বিনামূল্যে টিকা দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফলভাবে ভূমিকা রাখছে। টিকাদান কর্মসূচির শুরুতে একটু সমস্যা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সংকট কাটিয়ে উঠে চমৎকারভাবে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে আমাদের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করেছি।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবিলায় সফলভাবে ভূমিকা রাখছে। যে কারণে সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক কম ছিল।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ইতিহাসে এত সংখ্যক চিকিৎসক নিয়োগ আর কখনও হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আমরা চিকিৎসক হয়েছি, নামমাত্র খরচে চিকিৎসক হয়েছি। নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পিছনে রয়েছে।
তিনি বলেন, চিকিৎসক হিসেবে একেকজন একেকটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। এমনভাবে জনগণকে সেবা দিতে হবে—চিকিৎসার পর কোনও রোগীর মৃত্যু হলেও যেন রোগীর স্বজনরা চিকিৎসকের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলমসহ অন্যরা।









