নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোহাম্মদ নাঈম আলী ওরফে নাঈম বিন সাদ ওরফে মুজাহিদ আল হিন্দকে (১৯) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ। বুধবার (৩০ মার্চ) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড ও পাঁচটি উগ্রবাদী বই।
এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার নাঈম আলী অনলাইনে উগ্রবাদী প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ফেক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।’









