প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন-২০২১ এ সাংবাদিকদের বন্দি করার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়াসহ সংবাদমাধ্যমকর্মীদের পক্ষান্তরে সরকারের কর্মচারীতে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে ‘জাস্টিস ফর জার্নালিস্ট’। রবিবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এসব কথা বলেন সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এমন আইন আশা করি না। যারা এই আইনের যারা খসড়া তৈরি করেছেন, তারা সাংবাদিকতার শত্রু। সাংবাদিকদের নিয়ে খেলা করবেন না। এই আইনে সাংবাদিকদের ৩য় শ্রেণির কর্মচারীতে পরিণত করা হয়েছে। এরকম অসম্মানজনক আইন আমরা মেনে নিতে চাই না।
তারা আরও বলেন, আমরা সরকারের অধীনে কাজ করি না। কিন্তু এই আইনটি করেছে যেন আমরা সরকারি কর্মচারীর মতো কাজ করি। যদি এমনটাই হয় তাহলে সরকারি সুযোগ সুবিধা দেন। তেমনটা তো দিচ্ছেন না।
আইনটির যে খসড়া দেওয়া হয়েছিল তা বদলে ফেলা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, এটি কালো আইন নয়, এর চেয়েও খারাপ আইনে পরিণত হবে। আমরা যারা সংবাদমাধ্যমে কাজ করি তাদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এখন এমন আইন দিয়েছে, না পারছি ফেলতে না পারছি গিলতে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, একটা চক্রে এই আইনের মাধ্যমে সরকার আর সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই আইনের সংশোধন চাই। তা যদি না হয় তাহলে আমরা এই আইন প্রত্যাখ্যান করছি।
সভায় বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।









