রাজধানীর নিউমার্কেট এলাকায় বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টার পর আবারও সড়কে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় মিরপুর সড়ক বন্ধ করে দিলে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনা হয়। পরে যানচলাচল আবার স্বাভাবিক হয়।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, তারা দোকান-পাট খোলার প্রস্তুতি নিতেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আহত একজন পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এ দিন ওই রুটে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই দিন সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকার সব দোকানপাট বন্ধ ছিল। ঈদ বাজারের ক্ষতি হচ্ছে দাবি করে ব্যবসায়ীরা ওই এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও দোকান খুলে দিতে বুধবার সংবাদ সম্মেলন করে।
আরও পড়ুন:









