রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) তাদের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে বলেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নারায়ন চন্দ্র চন্দ, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন।
বৈঠকে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ইউনেস্কো ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
বৈঠকে কমিটি চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলো পরিষ্কার রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার সুপারিশ করেছে। এছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ‘ব্লক ইট’ বিভিন্ন ভবন নির্মাণে ব্যবহারের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।









