পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে। তিনি বলেন, ‘যাদের জমি বা গৃহ কিছুই নেই, কোনও উপজেলায় খাসজমি না থাকলেও প্রয়োজনে জমি অধিগ্রহণ করে তাদের পুনর্বাসন করা হবে। সরকারের এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে আর কোনও মানুষ গৃহহীন থাকবে না।’
মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির পরিবারকে শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে মঙ্গলবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের সঙ্গে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘পুনর্বাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের মতামতকে বিবেচনায় নিতে হবে। কোনও পরিবারের স্থায়ী ঠিকানা হতে দূরে কোথাও পুনর্বাসিত হতে না চাইলে, তাদের ইচ্ছার বিরুদ্ধে পুনর্বাসন করা যাবে না। শুধুমাত্র উপজেলায় সরকার নির্ধারিত যেকোনও স্থানে স্বেচ্ছায় পুনর্বাসিত হতে ইচ্ছুকদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।’ মন্ত্রী এসময় যাদের একেবারেই ভূমি বা গৃহ কিছুই নেই, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনসহ প্রমুখ।
প্রসঙ্গত, মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলার ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণির ৪৩৫টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে ২৪৬টি পরিবারকে ইতোমধ্যে পুনর্বাসিত করা হয়েছে। অবশিষ্ট ১৮৯টি পরিবারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলমান আছে।









