পপকর্ন বিক্রেতার বেশ ধরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো: (দক্ষিণ) এর একটি টিম। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সুব্রত সরকার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাবতলীর কোর্টবাড়ি এলাকা থেকে একশ' পিস ইয়াবাসহ আদিস মিয়াকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে খলিল মিয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আসামি মো. খলিল মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে বাসে করে পপকর্ন বিক্রির আড়ালে গত এক বছর ধরে গাবতলী-মিরপুর এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।
তার দেওয়া তথ্যমতে আশুলিয়া এলাকার ফিনিক্স কোয়ার্টার রোডে তার ভাড়াকৃত বাসা থেকে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেফতারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল (মৌলভী বাড়ি) এলাকায়।









