নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ভিক্সবার্গ বন্দর পরিদর্শন করেছেন। এসময় ভিক্সবার্গ শহরের মেয়র এবং ভিক্সবার্গ বন্দর পরিচালনাকারী ওয়ারেন কাউন্টি পোর্ট কমিশনের চেয়ারম্যান জর্জ ফ্ল্যাগস জুনিয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।
শুক্রবার (৫ আগস্ট) বন্দরটি পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এসময় মেয়র জর্জ ফ্ল্যাগস তাকে বন্দরে অভ্যর্থনা জানান। শনিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেয়র প্রতিমন্ত্রীকে সিটি এবং পোর্ট সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন।
পোর্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ'র প্রতিনিধিসহ আমন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









