রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম ইয়ামিন আহমেদ (২৬)। তিনি ডিএমপির পিওএম এ কর্মরত ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন তিনি। ওই লাইন দিয়ে ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে যান। কিন্তু একইসময়ে ওই লাইন দিয়েও আরেকটি ট্রেন আসছিল। তা তিনি খেয়াল করতে পারেননি। ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
এসআই কামরুল আরও বলেন, সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।









