ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৫২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পৃথক দুটি অভিযানে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব বলছে, এই তিন জনই পেশাদার মাদক ব্যবসায়ী।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি নদীধারা এলাকায় অভিযান চালিয়ে ৪৬০ পুরিয়া (৫২ গ্রাম) হেরোইনসহ একজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৪ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো মো. মনির হোসেন (৩৩)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই দিন র্যাব-১০ এর আরেকটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলো- মো. আবু বকর সিদ্দিক (৩২) ও মিতালী আক্তার (৩৪)। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।









