কম্বল সরবরাহের অভিজ্ঞতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ 

এমরান হোসাইন শেখ
০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০০

কোভিড মহামারির সময়ে কম্বল সরবরাহে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের কাজ। গাড়ির পার্টস সরবরাহকারী প্রতিষ্ঠান পায় ফ্রন্টলাইনারদের এসব জীবন রক্ষা সামগ্রী সরবরাহের কাজ। অভিজ্ঞতাহীন অযোগ্য প্রতিষ্ঠান মাস্ক, পিপিই ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন সময়মতো সরবরাহ করতে ব্যর্থ হয়েছে, তেমনই কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে ফ্রন্টলাইনারদের জন্য গুণগত মাণসম্পন্ন সামগ্রী প্রদান করতে।

গত ২০১৯-২০ অর্থবছরে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়াডনেস প্রজেক্টের আওতায় মাস্ক, পিপিই, ইনফারেড থার্মোমিটার ও গ্লাভস কেনাকাটার অনিয়মে প্রায় দুইশ’ কোটি টাকার অডিট আপত্তি আসে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীকে কাজ দেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশনা দিয়েছে কমিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়ির পার্টস সরবরাহককারী প্রতিষ্ঠান মেসার্স জাদিদ অটোমোবাইলস (জেএআই) এবং রফতানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান এসআরএস  ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড করোনার সময় বেশ কয়েকটি প্যাকেজে মাস্ক, পিপিই, ইনফারেড থার্মোমিটার ও গ্লাভস সরবরাহের কার্যাদেশ পেয়েছিল।

জাদিদ অটোমোবাইল একটি প্যাকেজের আওতায় দেড়লাখ পিস কেএন-৯৫ মাস্ক সরবরাহ করলেও এর মধ্যে ২৪ হাজার পিচ ছিল ভেজা এবং সেগুলো গুণগত মানসম্মত ছিল না। প্রতি পিস ৫২০ টাকা হিসাবে এতে সরকারের এক কোটি ২৪ লাখ ৮০ হাজার ২৪ হাজার টাকা আর্থিক ক্ষতি হয় বলে অডিটে আপত্তি আসে। এর ফলে সিএজি কার্যালয় থেকে ভেজা মাস্ক কেনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দায়ীদের থেকে অর্থ আদায়য়ের সুপারিশ করা হয়।

এসআরএস  ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডসহ অপর একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই, কেএন-৯৫ মাস্ক ও ইনফারেড থার্মোমিটার সরবরাহের ৩২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৫০০ টাকার চুক্তি হয়। তবে যেসব প্রতিষ্ঠানের অনুকূলে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে, সেসব প্রাপক প্রতিষ্ঠানের প্রাপ্তি স্বীকারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এক্ষেত্রে বিতরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা এবং সরবরাকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুপারিশ আসে।

গাড়ির পার্টস সরবরাহকারী জাদিদ অটোমোবাইলস (জেএআই) ও তৈরি পোশাক রফতানিকারী এসআরএস  ডিজাইন অ্যান্ড ফ্যাশন একাধিক প্যাকেজে ৫৯ কোটি ৪০ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের কার্যাদেশ পায়। দুটি প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞতা হিসেবে কম্বল সরবরাহের সনদ দাখিল করে। কিন্তু এই প্যাকেজগুলোর পণ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে পারেনি। এ ক্ষেত্রে অডিট কর্মকর্তারা অনিয়ম হিসেবে উল্লেখ করেছেন যে, প্রকল্প কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই-বাছাই না করে কার্যাদেশ প্রদান করে। সময় মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

এছাড়া অডিট আপত্তিতে বলা হয়— ৪৭ কোটি ২৬ লাখ ৪৪ হাজার টাকার চিকিৎসা সহায়ক সামগ্রী প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করে অব্যবহৃত অবস্থায় ফেলা রাখা হয়। একই প্রকৃতির চিকিৎসা সামগ্রী একই সময়ে ভিন্ন ভিন্ন দরে ক্রয় করায় সরকারের ক্ষতি হয় ১৭ কোটি ১০ লাখ টাকা। সরবরাহকারীর কাছ থেকে ভ্যাট এবং আয়কর না কাটা ও কম কাটায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার ২৫৭ টাকা। ভ্যাট ও আয়করের টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না করায় দণ্ড সুদসহ সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকা। পিপিআর–২০০৮ এর বিধি লঙ্ঘন করে ১০ কোটি ৮২ হাজার ৬ লাখ টাকার কাজ জামানত ছাড়াই চুক্তি করা হয়। সিঙ্গেল সোর্স সিলেকশন পদ্ধতিতে পরামর্শক ফার্মের মাধ্যমে মোবাইল অ্যাপ, টিভিক্লিপ, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে অনিয়মিতভাবে ৬ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪৮০ টাকা ব্যয় করা হয়। সরবরাহকারী নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তারপরও চুক্তির শর্ত মোতাবেক বিলম্ব জরিমানা আরোপ ব্যতীত বিল পরিশোধ করায় সরকারের ক্ষতি হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৯২৮ টাকা। ডিপিপিতে উল্লিখিত  দরের চেয়ে বেশি দামে চিকিৎসা সামগ্রী ক্রয় করায় সরকারের ক্ষতি হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা।

কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অযোগ্য প্রতিষ্ঠানকে সরবরাহের আদেশ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা বৈঠকে প্রশ্ন তুলেছি। গাড়ির পার্টস সরবরাহকারী প্রতিষ্ঠানকে কম্বল সরবরাহের অভিজ্ঞতায়  জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহের দায়িত্ব দেওয়াটা কতটা যৌক্তিক ছিলে, সেটা জানতে চেয়েছি। তবে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। বলেছে, ওই ক্রাইসিসের সময় জরুরিভিত্তিতে এগুলো সংগ্রহ করতে হয়েছে। সবকিছু যাচাই-বাছাইয়ের সুযোগ সেভাবে ছিল না। অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানও সেভাবে পাওয়া যায়নি।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘এসব অনিয়ম ও ব্যত্যয়ের ঘটনার জবাব দেওয়ার জন্য আমরা দায়িত্বশীল ব্যক্তিদের পাই না। যেসব মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়, তাদের সচিবরা অনুপস্থিত থাকেন। এটা মোটেও ঠিক নয়। আমি কমিটির সভাপতিতে এ বিষয়ে অনুশাসন দিতে পরামর্শ দিয়েছি।’

এদিকে সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’ এর আওতায় সরবরাহকারীরা অনুপযোগী এবং পরিমাণে কম কেএন-৯৫ মাস্ক সরবরাহ করায় আর্থিক ক্ষতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারের কমিটি সুপারিশ করেছে।

অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীর সঙ্গে চুক্তি সম্পাদন করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ডগ্লাভস ক্রয় করার বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজি হেলথ এবং সিএজি'র পরিচালকের সমন্বয়ে কমিটি গঠন করে তদন্ত করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন এবং আহসানুল ইসলাম (টিটু) অংশগ্রহণ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম