প্রায় ২১ বছর আগে ২০০১ সালে রংপুরে কৃষক মাহাতাব হোসেনকে (৩৫) হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ করে ও খালাসের আপিল গ্রহণ করে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলো মানিক মিয়া ও হাসান আলী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো। আর আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাসনা বেগম।
মামলার বিবরণী থেকে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহাতাব হোসেনের (৩৫) সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল প্রতিডক্ষের। ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে মাহাতাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়ি-সংলগ্ন পুকুর থেকে মাহাতাবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
ওই মামলার বিচার শেষে ২০১৬ সালের ২৮ নভেম্বর রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার দুই আসামি মানিক মিয়া ও হাসান আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। সেসব আবেদনের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।









