দক্ষতা অর্জন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্পর্কে সচেতনতা তৈরিতে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্যোগে প্রাইড প্রকল্পের আওতায় মোহাম্মদপুর প্রশিক্ষণ কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রাইড প্রকল্পের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
এতে ব্র্যাকের কর্মকর্তারা খুচরা বা রিটেইল খাতে প্রতিবন্ধী ব্যাক্তিদের উৎসাহিত করতে, তাদের পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। তাছাড়া রিটেইল খাতে উপযুক্ত কর্মসংস্থানের বিষয়ে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কতটুকু জরুরি তা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সেইফ গার্ডিং ম্যানেজার সোনিয়া বিনতে সারোয়ার বলেন, ‘আমাদের যারা কর্মী আছেন তাদের মধ্যে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমরা চেষ্টা করছি। মানুষ তখনই বৈষম্যের শিকার হয়, যখন অন্য জনগোষ্ঠী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না। মানুষ জানে না প্রতিবন্ধিতা কী। তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হয়, কীভাবে প্রশিক্ষিত করতে হয়। পরবর্তী সময়ে কীভাবে তাদের নিয়োগ দেবে, তাদের কর্মসংস্থান নিশ্চিত কীভাবে করতে হবে– এটা কিন্তু আমরা জানি না। তাই আমাদের অনেক বড় গুরুত্বের জায়গা হলো এসব জায়গায় কাজ করা।’
প্রকল্পটি সম্পর্কে মোহাম্মদপুর সেন্টার লিড মার্টিনা ত্রিপুরা জানান, এই প্রকল্পের আওতায় ৫ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৭ শতাংশ প্রতিবন্ধি ব্যক্তি। এখন পর্যন্ত এই সেন্টার থেকে ৭০০ জনকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে আর সারা দেশের প্রায় দেড় হাজার মানুষ এখন পর্যন্ত কর্মসংস্থানে প্রবেশ করতে পেরেছেন।
এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে রিটেইল সেলসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার সুযোগ আছে। এতে কাজ করার জন্য দক্ষ হয়ে উঠলে কর্মী হিসেবে চাকরি পাওয়ার জন্য অগ্রাধিকার পাওয়া যায়। প্রশিক্ষণ শেষ ব্র্যাক একটি সনদ দেবে এবং চাকরি পেতে সবধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণটি পরিচালনা করা হয়। প্রান্তিক সুবিধাবঞ্চিত তরুণ নারী-পুরুষ, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য ন্যূনতম এসএসসি পাশ এবং পরিবারের আয় মাসিক ৫ হাজার টাকার নিচে হতে হবে।
কর্মশালায় আরও ছিলেন– সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শাম্মী আকতার, হাইকেয়ার স্কুলের সহকারী শিক্ষক পার্থ ঘোষ, ৩০, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোকসানা আলম, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিভাগীয় ম্যানেজার নাসির উদ্দীন, ডেপুটি ম্যানেজার তাসলিমা আক্তার প্রমুখ।








