বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হলের নেতাকর্মীদের মাঝে বই বিতরণ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউ-এ সংগঠনটির কেন্দ্রীয় কার্যলয়ে এ কার্যক্রম চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দফতর সম্পদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সোনালি অতীত আর কোনও সংগঠনের নেই। সেই অতীতকে জাগ্রত করতে বই পড়ার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রীর জন্মদিনে বই বিতরণের আয়োজন একটি ভালো কাজ।’
দেশের যেকোনও সংঙ্কটে ছাত্রলীগ গণমানুষের জন্য কাজ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের বিপরীতে থাকা ছাত্রদল অবৈধভাবে সৃষ্টি হয়েছে। ছাত্রলীগকে দমাতে এই সংগঠনটি জিয়াউর রহমান তৈরি করলেও সে উদ্দেশ্য সফল হয়নি।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর বলেন, ‘বই বিতরণের কর্মসূচি ছাত্রলীগের নেতাকর্মীদের জ্ঞানের পথে এগিয়ে নেবে। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সঙ্কটে গণমানুষের সেবা করছে ছাত্রলীগ।’
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন।
আলোচনা শেষে ঢাবির সব হল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার লেখা বই বিতরণ করা হয়।









