এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় গবেষণা ও বিজ্ঞানসম্মত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এজন্য কীটতত্ত্ববিদদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর জনস্বাস্থ্যের হুমকি মোকাবিলায় দরকার জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ। কিন্তু ঢাকা দুই সিটি করপোরেশনে এ ধরনের কোনও কীটতত্ত্ববিদই নেই। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাদের অর্গানোগ্রামের সংশোধনীতে জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ নিয়োগের বিধান রাখার প্রস্তাব করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করপোরেশনে ‘কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা’ ও ‘ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা’ নামে দুটি পদ আছে। ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা মূলত কৃষি মন্ত্রণালয় থেকে প্রেষণে সিটি করপোরেশনে আসেন। সংশ্লিষ্টরা বলছেন, তারা মূলত ফসলের পোকা নিয়ে কাজ করেন। মশা নির্মূলে তাদের অভিজ্ঞতা তেমন কোনও কাজেই আসেন না।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা সারোয়ার বলেন, 'আমাদের মূলত মেডিক্যাল এন্টামোলজিস্ট দরকার। আমরা আমাদের অর্গানোগ্রামের সংশোধনীর প্রস্তাবনায় আমাদের ১০ জোনে ১০ জন ও কেন্দ্রে একজনসহ মোট ১১ জন এ ধরনের কীটতত্ত্ববিদের পদ সৃষ্টি করতে চাইছি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের আইন ও বিধিতে নবম গ্রেডের ওপরে কাউকে নিয়োগ করার নিয়ম নেই, তাই সরাসরি বিশেষজ্ঞ কাউকে নিতে পারবো না। আমরা তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।'
তিনি জানান, ‘এখনও তারা বাইরের বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদদের পরামর্শ নেন। তবে সার্বক্ষণিক জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ থাকলে ভালো হয়।’
আরও কী কী পরিবর্তন আসছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের পাঁচটি মাতৃসদন আছে। এগুলো এডিবির অর্থায়নে বেসরকারি সংস্থা। এগুলো আমাদের নিজস্ব জনবল দ্বারা পরিচালনা করতে চাইছি আমরা। সেই সঙ্গে মহাখালীতে একটি জেনারেল হাসপাতাল করে, সেটাও আমাদের লোক দ্বারাই পরিচালনা করতে চাচ্ছি। পাশাপাশি প্রতিটি অঞ্চলে একজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তার পরিবর্তে আমরা দুজনকে রাখতে চাচ্ছি।' এই খসড়া প্রস্তাবনা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
উত্তর সিটি কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘সিটি করপোরেশনে মেডিক্যাল এন্টোমলজিস্ট দরকার। আমি এটা মেয়র মহোদয়কে ২০১৯ সালেই জানিয়েছিলাম। এখন তারা যদি মেডিক্যাল এন্টোমলজিস্ট নিয়োগ করতে ও কীটতত্ত্ববিদদের পদসংখ্যা বাড়ায়, এটা ভালো সিদ্ধান্ত হবে।' সিটি করপোরেশনের এ উদ্যোগকে সাধুবাদও জানান তিনি।









