জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত তিন জন বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্য জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান নিহত শান্তিরক্ষীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরে সেনাসদস্যদের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে নিজ নিজ গ্রামে (ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারী) পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের দাফন সম্পন্ন হয়।
এর আগে, ১৪ অক্টোবর সন্ধ্যায় সেনাসদস্যদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছায়।
গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর ১টা ৩৫ মিনিট) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় আইইডি বিস্ফোরণে ওই তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত বাংলাদেশের ১২৯ জন সেনাসদস্য নিহত হয়েছেন।









