আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তার পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুদককে এ বিষয়ে তদন্ত করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তার পরিবারের সদস্যদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ এ রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।









