সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে এবং থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, মনে রাখতে হবে সাংবিধানিক অনুশাসনের আওতায় থেকে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ তার নিজ নিজ দায়িত্ব পালন করবে, এটাই সংবিধানের অন্তর্নিহিত চেতনা।
প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের রক্ত। সংবিধানে বিচার বিভাগকে দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। সংবিধানের রক্ষক ও পৃষ্ঠপোষক হিসেবে বিচার বিভাগের সঙ্গে নাগরিকদের একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করে থাকে সুপ্রিম কোর্ট। বিভিন্ন সাংবিধানিক সংকটে বিচার বিভাগ তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এই অনুষ্ঠান সংবিধান এবং ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে শুধু অবহিত-অবগতই করবে না বরং অনুপ্রাণিত করবে। আমাদের প্রত্যাশা সুপ্রিম কোর্ট সব ক্ষেত্রে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।
প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









