জাতীয় মানবাধিকার কমিশনের আইনি সহায়তায় চট্টগ্রামের ভুক্তভোগী মোহাম্মদ মুস্তাকিম (২২) আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গত মঙ্গলবার (১০) গ্রেফতার হন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘ডায়ালাইসিসের খরচ জোগানো একমাত্র ছেলেটি কারাগারে, দিশাহারা মা’– গণমাধ্যম এমন সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ছেলে মুস্তাকিমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করে। একমাত্র ছেলে কারাগারে থাকায় দিশাহারা হয়ে পড়েন মা কিডনি রোগী নাসরিন আক্তার।
এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের আইনি সহায়তায় ভুক্তভোগী মুস্তাকিম রবিবার (১৫ জানুয়ারি) আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।









