টাইগার এমএলআরএস যৌথ জাহাজীকরণ এবং স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীতে নবসংযোজিত টাইগার এমএলআরএস-এ ফায়ারিং অনুষ্ঠিত হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে নবসংযোজিত টাইগার এমএলআরএসের (মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম-Multiple Launch Rocket System ) যৌথ জাহাজীকরণোত্তর পরিদর্শন ফায়ারিং ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতাসম্পন্ন টাইগার এমএলআরএস-এর ফায়ারিং অনুষ্ঠিত হলো। যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে নতুন এক মাত্রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান, ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









