আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের জন্য পাল্টাপাল্টি নির্বাচন উপকমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটির ঘোষণা দেন।
অপরদিকে কার্যকরী কমিটির সিনিয়র সহ সম্পাদক (বিএনপি সমর্থিত) মাহফুজ বিন ইউসুফ আইনজীবী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে আরেকটি সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেন।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থকরা। বাকি সাতটি পদে জয় পেয়েছিলেন বিএনপি সমর্থকরা।
সম্পাদক আবদুন নূর দুলালের ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক হচ্ছেন শাহ খসরুজ্জামান। সদস্যরা হলেন— বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, অপূর্ব কুমার ভট্টাচারর্য, আব্দুল মালেক, এস এম গোলাম মোস্তফা তারা, মো. আলতাফ হোসেন আমানি ও আবু নাসের স্বপন।
সিনিয়র সহ সম্পাদক মাহফুজ বিন ইউসুফের ঘোষিত কমিটির আহ্বায়ক হচ্ছেন— ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। সদস্যরা হলেন— এ এস এম মোক্তার কবির খান, ড. মো. গোলাম রহমান ভূইয়া, মোহাম্মদ আশরাফ-উজ্জ-জামান খান, মাহমুদ হাসান, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়।
নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। এরপর ৫ মার্চ বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।









