রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ নারায়নগঞ্জ থেকে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের ২৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫৫টি মোবাইল ফোন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি জানান। তিনি বলেন, ‘রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।’
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আসামিরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা এসব মোবাইল ফোন কম দামে কিনে অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে।’
গ্রেফতার ব্যক্তিদের নামে রাজধানী ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকেটি মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।









