স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ তুলে ধরে ওই ঘটনার নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রবিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দাজ্ঞাপন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির এবং সম্পাদক মো. আবদুন নূর দুলারের সই করা বিবৃতিতে বলা হয়, ‘দৈনিক প্রথম আলো এবং সংশ্লিষ্ট প্রতিবেদক মহান স্বাধীনতা দিবসে যে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতারও একটি সীমা আছে। মিথ্যাচার করা মত প্রকাশের স্বাধীনতা নয়। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা মত প্রকাশের স্বাধীনতা নয়। এরূপ মিথ্যা প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে একটি সুগভীর যড়যন্ত্র।’
‘আমরা আশা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সাংবাদিকরাও আইনের ঊর্ধ্বে নয়। আইন যেন তার নিজস্ব গতিতে চলে’, বিবৃতিতে উল্লেখ করা হয়।









