ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য এবছর ঢাকার ২০টি পয়েন্টসহ গুরুত্বপূর্ণ ৪৬টি পয়েন্ট নির্ধারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বুধবার (১৯ এপ্রিল) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
তিনি বলেন, ‘যেগুলো বেশি বেশি যানজটপূর্ণ পয়েন্ট, সেখানে দুই শিফটে ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে। আমাদের মনিটরিং টিমও কাজ করছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঈদের আগে ও পরে সাত দিন রাস্তায় থাকবেন, যাতে কোন ধরনের কোনও সমস্যা না হয়।’
আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেন নুর মোহাম্মদ মজুমদার। এর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বাস টার্মিনালগুলো ঘুরে দেখলাম, যাত্রীদের তেমন ভিড় নেই। লম্বা ছুটির কারণে অনেকের বাড়ি ফেরার তাড়া কম।’
যানজট হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘বিআরটিএ সদর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেসব জায়গায় সাধারণত যানজট হয়, আমরা কন্ট্রোল রুম থেকে ১৩০টা ক্যামেরার মাধ্যমে সেসব জায়গায় মনিটরিং করছি। কোথাও যানজট হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, গত দুই তিন দিন আমাদের কাছে যে তথ্য আছে, তাতে কোথাও কোনও যানজট সৃষ্টি হয়নি। কোনও ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। এমনকি অতিরিক্ত ভাড়া আদায়েরও তেমন কোনও অভিযোগ আমাদের কাছে নেই।
ঈদযাত্রায় আনফিট গাড়ি রাস্তায় নামার বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঈদ যাত্রায় অনেক সময় কিছু আনফিট গাড়ি ঢাকা-রংপুর মহাসড়কে নামানোর প্রবণতা আছে। এজন্য আমরা মালিকদের নিয়ে মিটিং করেছি। আইজিপি মহোদয়কে নিয়েও মিটিং হয়েছে, যাতে কোনও আনফিট গাড়ি রাস্তায় না আসতে পারে। গার্মেন্টসের আনফিট গাড়িও যেন দূর পাল্লায় না যায়, সেজন্য তাদের সঙ্গে আমরা সভা করেছি। এবছর একটা প্রাণও যেন না হারায়, সেজন্য আমরা সব ধরনের সতর্কতা নিয়েছি।’









