নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার হিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় গোলাম রাব্বী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে পাঁচ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।
এ ঘটনায় বর্তমানে দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন– মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে আরও দুজনের মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার (৪ মে) দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে এ বিস্ফোরণ ঘটে। এতে সাত জন দগ্ধ হন। সাত জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন...
বয়লার বিস্ফোরণ হওয়া কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে প্রশাসন









