রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। মঙ্গলবার (১৬ মে) রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ জানান, বিটিভির প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বিটিভি’র বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকার বিল দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ এবং অনিয়মের মাধ্যমে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে মূল্যায়ন কমিটির সুপারিশ অগ্রাহ্য করেন। আগের কার্যাদেশ বাতিল করে ফের দরপত্র আহ্বান করার অভিযোগ পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার (১৬ মে) বিটিভিতে তার কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, বিটিভির প্রধান কার্যালয় পরিদর্শনের সময় প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।
অন্যদিকে, চাঁদপুরের পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফি’র অতিরিক্ত টাকা দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায় বলে জানান ভোগান্তির শিকার গ্রহীতারা। বিষয়টি খতিয়ে দেখার জন্য সেবা গ্রহীতাদের পাসপোর্টের আবেদন নিরীক্ষাকালে বিশেষ সাংকেতিক চিহ্নের প্রয়োগের মতো বিষয় দেখা যায়। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিসের উপ-পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও সেবার মান উন্নয়নে পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও সরকারের আরও তিনটি দফতরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনটি চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।









