রাজধানীর সবুজবাগে তমা আক্তার (১৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সবুজবাগ থানার কালভার্টের পাশে তাদের বর্তমান ভাড়া বাসা থেকে আজ বিকালে ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা গৃহবধূ তমা আত্মহত্যা করেছেন। এর আগে তমা স্বামী আলামিনের মুঠোফোন দিয়ে তার মায়ের সঙ্গে কথা বলেন। এরপর থেকে তমার মন খারাপ ছিল। আলামিন কয়েক দিন ধরে অসুস্থ। ঘটনার সময় তিনি তার ভাবির বাসায় গিয়েছিলেন। ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী ওড়নায় ঝুলছেন। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলে জানান এসআই।
মৃত তমা জামালপুরের মেলান্দহ উপজেলার মোজ্জাম্মেলের মেয়ে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। পাঁচ মাস আগে সম্পর্ক করে আলামিনকে বিয়ে করেন। আলামিন বায়তুল মোকাররম মার্কেটে ক্রোকারিজের দোকানে চাকরি করেন।









