অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি ইতোমধ্যে নজরুল ইসলাম বাবু ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর দুদকের সচিব মো. মাহবুব হোসেনের সই করা চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত না হওয়া দুদক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম পরিসমাপ্ত করেছে।
চিঠিটি নজরুল ইসলাম বাবুর গুলশান-১ এর ১৫ নং রোডের এক নম্বর প্লটের অ্যাপার্টমেন্ট সি-২ (৩য় তলা) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামের ঠিকানাতেও পাঠানো হয়েছে।
গত ১২ জুন এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। এই সংসদ সদস্যের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের নেতৃত্বে ছিলেন দুদকের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এর আগে ২০১৮ সালেও দুদকের অপর একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে নজরুল ইসলাম বাবুকে অব্যাহতি দেওয়া হয়েছিল।









